ক্যাম্পাস

যৌন হয়রানির দায়ে খুবির এক শিক্ষক চাকরিচ্যুত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মাহবুবুর রহমান বলেন, একই সঙ্গে আরেক যৌন হয়রানির আরেক ঘটনায় অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে নতুন করে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন বিচার না হলে ক্লাসে ফিরবেন না খুবি শিক্ষার্থীরা  

তিনি আরও বলেন, যৌন হয়রানি নিরোধ কেন্দ্রের দেওয়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়। এটি যৌন হয়রানির বিষয়ের কোনো কমিটি নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত পৃথক উচ্চক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে, দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি এবং বিজয়’২৪ হলের ক্যান্টিন কর্মীর বিরুদ্ধে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগের বিচার দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। প্রশাসনের সঙ্গে বৈঠকে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় গত ২৩ জুলাই তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোয় তালা ঝুলিয়ে দেন।

এসজেডএইচ/জেআইএম