আন্তর্জাতিক

নিয়ন্ত্রণে ফ্রান্সের দাবানল, বাড়ি ফিরছে মানুষ

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সপ্তাহজুড়ে চলা ভয়াবহ দাবানল অবশেষে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ফলে শুক্রবার (৩১ জুলাই) থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হাজার হাজার বাসিন্দা পর্যায়ক্রমে নিজ ঘরে ফিরতে শুরু করছেন।

Advertisement

গিরোন্ড বিভাগের প্রিফেক্ট সোফি ব্রোকাস শুক্রবার এক বিবৃতিতে জানান, বোর্দো শহরের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের ১২টি জেলা থেকে জারি করা উচ্ছেদ আদেশ তুলে নেওয়া হয়েছে। এর ফলে বাস্তুচ্যুত হওয়া ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মধ্যে প্রায় ১ লাখ ৪৪ হাজার মানুষ ঘরে ফেরার অনুমতি পেয়েছেন।

সোফি ব্রোকাস বলেন, পরিস্থিতি এখন স্থিতিশীল ও আগুন এখন নির্দিষ্ট সীমানার মধ্যেই আটকে আছে। রাত থেকে তাপমাত্রা কমতে থাকা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর বোর্দো শহরের সঙ্গে স্পেনের সীমান্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ ‘এ৬৩’নামে মহাসড়কটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে জনপ্রিয় পর্যটন এলাকা ‘ক্যাপ ফেরেট’ উপদ্বীপে যাতায়াত এখনো বন্ধ রয়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে এই উপদ্বীপটিকে যুক্তকারী একমাত্র সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

অন্যদিকে, অগ্নিসংযোগের সন্দেহে চলতি বছর এ পর্যন্ত পুরো দেশ থেকে প্রায় ৩০৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ।

চলতি বছরে ফ্রান্স নজিরবিহীন ও ভয়াবহ দাবানল মৌসুমের মুখোমুখি হয়েছে। এরই মধ্যে পুড়ে যাওয়া বনভূমির পরিমাণ দেশটির পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত কয়েক সপ্তাহে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রোভেন্সের ব্রিগনোলেসসহ বেশ কয়েকটি এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

এসএএইচ

Advertisement