খেলাধুলা

স্মৃতি কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ি ফুটবলের নারী বিভাগের চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের খেলোয়াড় স্মৃতি কিসকু নজর কেড়েছেন সবার। দরিদ্র পরিবারের এই স্মৃতি কিসকুর কীর্তি ও অভাবের কথা প্রকাশ হয়েছিল জাগো নিউজসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে।

Advertisement

স্মৃতি কিসকুর পরিবারের অসহায়ত্বের কথা জেনে সাবেক তারকা ফুটবলার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রতিমন্ত্রী শুক্রবার স্মৃতি কিসকুর মাকে সাক্ষাৎ দিয়েছিলেন নিজ বাসায়।

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার স্মৃতি কিসকুর মায়ের হাতে নগদ অর্থ ও একটি মোবাইল ফোন তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তিনি স্মৃতি কিসকুর পরিবারের খোঁজখবর নেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী স্মৃতি কিসকুর মাকে আশ্বাস দিয়েছেন তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চাকরির ব্যবস্থা করা দেওয়ার। পাশাপাশি স্মৃতি কিসকুর বাড়িতে ঘর তুলে দেওয়াসহ তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে তরুণ ক্রীড়াবিদদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আমিনুল হক।

Advertisement

আরআই/আইএইচএস/