নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ব্রাইট শিশু কানন হাই স্কুল’ নামের একটি বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
Advertisement
শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় অবস্থিত এ বিদ্যালয়ের সামনের সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন অভিভাবকরা।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হলেও, মূল হোতাসহ দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দাদের প্রায় ৩ শতাধিক ছেলে মেয়ে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পড়াশোনা করেন।
Advertisement
শনিবার ভোরে তিনজন মাদকসেবী নগরপাড়া ব্রাইট শিশু কানুন হাই স্কুলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র ও শিক্ষা উপকরণ লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন স্কুলের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ। এসময় এলাকার মানুষ টের পেয়ে ওই মাদক সেবীদের ধাওয়া করেন। এক পর্যায়ে স্থানীয় সচেতন নাগরিকদের সহায়তায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মাদকসেবী সজিব ওরফে সইজ্জাকে গ্রেফতার করে। এই চক্রের সঙ্গে জড়িত কালা জাহাঙ্গীর ও আলআমিন নামে আরও দুজন পালিয়ে যায়। এদিকে জড়িতদের গ্রেফতার সহ চুরি ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, চুরির ঘটনার দ্রুত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত টহলের ব্যবস্থা করার দাবি জানান তারা।
শিক্ষার্থী তাসমিয়া জান্নাত বলেন, ‘আমরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে চাই। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’
ব্রাইট শিশু কানন হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, মাদকসেবীরা স্কুলে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান আসবাবপত্র ও শিক্ষা উপকরণ লুট করেছে। এখন শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।
Advertisement
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় বলেন, এক মাদক সেবী চোরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের দমনে উপজেলা প্রশাসন কঠোর রয়েছে।
নাজমুল হুদা/কেজে/এএসএম