মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় অঞ্চলটিতে থাকা মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
Advertisement
দূতাবাস বলেছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে দ্রুত পরিবর্তনশীল। তাই মার্কিন নাগরিকদের ‘সতর্ক ও বাড়তি নজরদারির’ সঙ্গে চলাফেরা করতে হবে।
একই সঙ্গে সম্ভাব্য বিমান চলাচল বাতিল এবং মাঝেমধ্যে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় ইরান সরকারকে ‘অনির্দেশ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি ইরান কোনো ধরনের আগাম সতর্কতা বা উসকানি ছাড়াই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এমনকি আগে যেসব দেশ হামলার লক্ষ্য ছিল না, সেসব এলাকাতেও হামলা সম্প্রসারিত করা হয়েছে। দূতাবাসের সতর্কবার্তায় মিসরের কথাও উল্লেখ করা হয়েছে।
Advertisement
দূতাবাস আরও বলেছে, কোনো দেশে অতীতে মার্কিন স্বার্থ বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা না হলেও ভবিষ্যতে সেই দেশ নিরাপদ থাকবে—এমন নিশ্চয়তা নেই।
তাই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে বাড়তি নজর দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
Advertisement