খেলাধুলা

মাত্র ৮৯ রানে অলআউট, ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচেই বড় হার বাংলাদেশের

ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮৯ রানেই অলআউট হয় জাকির হাসানের নেতৃত্বাধীন দল। এরপর সহজ লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে অধিনায়ক জাকির হাসান দক্ষিণ আফ্রিকার দায়ান গালিমের বলে ক্যাচ তুলে ফিরলে শুরু হয় ধস। এরপর মাহফিজুল ইসলাম রবিন ও শাহাদাত হোসেন দিপু কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও সেই জুটি বড় হতে পারেনি। দিপু ব্যক্তিগত ৮ রান করে বিদায় নেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ইফতিখার হোসেন স্লিপে ক্যাচ দেন, আর মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ বল মোকাবিলা করেও করতে পারেন মাত্র ২ রান।

একপ্রান্তে লড়াই চালিয়ে যান মাহফিজুল রবিন। তবে ৪০ রানে পৌঁছে গালিমের শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন তিনি। তার আউট নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও সিদ্ধান্ত বদলায়নি।

Advertisement

নিচের সারির ব্যাটাররাও প্রতিরোধ গড়তে ব্যর্থ হলে ৩১.৩ ওভারে ৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে আগুনঝরা বোলিং করেন দায়ান গালিম। ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন তিনি। আন্দিলে পান ২টি উইকেট।

জয়ের জন্য ৯০ রানের লক্ষ্য পেয়ে খুব একটা বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। যদিও ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান একটি করে উইকেট নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবুও ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

এই হারে ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে পরাজয় দিয়ে অভিযান শুরু করলো বাংলাদেশ।

Advertisement

এসকেডি/এমএমআর