চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাত কেজি সোনাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
Advertisement
শনিবার (১ আগস্ট) বিকেলে পারকৃঞ্চপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের মো. রবিউল ইসলাম (৩৪) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, দর্শনার পারকৃঞ্চপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় রবিউলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার শরীর থেকে ছোট-বড় বিভিন্ন আকারের ৩৯টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত এই সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। এছাড়া পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত সোনা চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
Advertisement
হুসাইন মালিক/এনএইচআর