রাজনীতি

রড বাহিনী যত অ্যাকটিভ হবে, আপনার ক্ষমতার স্থিতিশীলতা তত ডিঅ্যাকটিভ হবে

দেশের বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

Advertisement

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার চোখ তোলা রড বাহিনী যত অ্যাকটিভ হবে, আপনার ক্ষমতার স্থিতিশীলতা তত ডিঅ্যাকটিভ হবে।

শনিবার (১ আগস্ট) দিনগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‌‘জনাব তারেক রহমান, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ১৯৭৫ সালের প্রায় ৪০ বছর পর শেখ মুজিবুর রহমানকে প্রশ্নের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মৃত্যুর প্রায় তিন যুগ পরে!’ ‘কিন্তু সারাদেশের আপনার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের আর তর সইছে না। তারা আপনাকে জীবিত অবস্থায় ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে প্রশ্নের ঊর্ধ্বে নিয়ে যেতে চাচ্ছে। আপনাকে নিয়ে নাকি কিছু বলা যাবে না। ঠিক আপার মতো!’

Advertisement

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এনসিপির এ নেতা লেখেন, ‘আপনারও সায় আছে সম্ভবত! নাহলে কোনো সাড়াশব্দ তো আপনার পক্ষ থেকেও পাওয়া যায় না! এনজয় করছেন নিশ্চয়ই!’

তিনি আরও লেখেন, ‘এনজয় করেন। তবে মনে রাখবেন, নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জ, কুড়িগ্রাম থেকে সিলেট; যে রক্ত পিপাসু মনোভাব নিয়ে আপনারা নতুন করে আবির্ভূত হয়েছেন, সেই রাজনীতির দিন শেষ। ২০০১-২০০৬ সালে যদি আবার বাংলাদেশকে ফিরিয়ে নিতে চান, তবে আমরা চেষ্টা করেও আপনাদের বিপর্যয় ঠেকাতে পারবো না।’

আরও পড়ুন মাহমুদা মিতু / তারা জিয়া ব্যবসা করতে পারলে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কোথায়?

‘আপনার চোখ তোলা রড বাহিনী যত অ্যাকটিভ হবে, আপনার ক্ষমতার স্থিতিশীলতা তত ডিঅ্যাকটিভ হবে। সময় মতো মিলিয়ে নিয়েন।’, যোগ করেন সারজিস আলম।

গত কয়েকদিনে সিলেট, হবিগঞ্জসহ দেশের কয়েক স্থানে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর এসেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে দাবি দলটির।

Advertisement

কেএসআর/