রাজনীতি

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবীদের ভূমিকা রাখার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শহীদ বিপ্লবীদের স্মরণে ‌‘পেশাজীবী সমাজের জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ)।  

Advertisement

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দেশের পেশাজীবী সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্। বক্তব্য রাখেন এনপিএর সদস্য সচিব তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল, এনসিপির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন জামিল সৌরভ প্রমুখ।

আরও পড়ুন প্রধানমন্ত্রীকে সারজিস / রড বাহিনী যত অ্যাকটিভ হবে, আপনার ক্ষমতার স্থিতিশীলতা তত ডিঅ্যাকটিভ হবে

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য মাইলফলক। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি দক্ষ, জবাবদিহিমূলক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দেশের পেশাজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Advertisement

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের প্রত্যাশা পূরণে পেশাজীবীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ সময়ের দাবি। দেশের সার্বিক অগ্রগতি ও জাতীয় স্বার্থে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন নাহিদ ইসলাম / কোনো দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়

নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীরা একটি মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে দলীয় নেতাদের নিয়োগ দিচ্ছে দক্ষতা উপেক্ষা করে। এর বিরুদ্ধে পেশাজীবী সমাজকে সোচ্চার থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত প্রমুখ।

এনএস/কেএসআর

Advertisement