জাতীয়

ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো মিস্ত্রির

ঢাকায় স্টিলের আলমারি বানানোর কারখানায় কাজ করতেন মুন্সিগঞ্জের মো. সোলেমান। শনিবার (১ আগস্ট) মধ্যরাতে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

Advertisement

সোলেমানের শ্যালক মো. লিটন জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

তিনি আরও জানান, নিহত সোলেমানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর থানার নয়াগাঁও পূর্বপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল মজিদ দেওয়ান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Advertisement

এদিকে, কাভার্ডভ্যানটি জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

কেএজেডআইএ/এসএনআর