খেলাধুলা

ব্রাজিল ম্যাচ নিয়ে বাইচুং, ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর চেষ্টা’

ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছে ব্রাজিল। এই কথা এখন আর নতুন নয়। দিনকয়েক আগে এই ঘোষণার পর উন্মাদনা ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। চলমান বছরের শেষদিকে কলকাতায় হবে সেই ম্যাচ।

Advertisement

মূলত ভারতের মাটিতে সেলেসাও সমর্থকদের উন্মাদনাকে সম্মান জানিয়েই এই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। মূল দল নিয়েই আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলার কথা ব্রাজিলের।

র‍্যাঙ্কিংয়ের পঞ্চম ও ১৩৮ নম্বর দলের খেলা। মাঠের পারফরম্যান্সে কারা এগিয়ে থাকবে তা এখনই বলে দেওয়া সম্ভব। এই ম্যাচ থেকে বিরাট অঙ্কের অর্থ আয় করার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। হতে যাচ্ছে দেশটির ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ম্যাচ। তবে এমন ম্যাচের মানে খুঁজে পাচ্ছেন না সাবেক ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া। ইউরোপিয়ান ক্লাবে খেলা এই সাবেক তারকা বলেন, ‘আমি বলছি না যে তাদের আসা উচিত নয়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা কী অর্জন করতে চাইছি? জামশেদপুর এফসি শেষ (আইএসএল থেকে বাদ), দলগুলো এশিয়ান গেমসে যাচ্ছে না এবং আমাদের ফিফা র‌্যাঙ্কিং এখন প্রায় ১৪০।’

ম্যাচের তারিখ নিয়েও আপত্তি জানিয়েছেন বাইচুং, ‘তারিখটা দেখুন। আমি মনে করি এটা পাল্টানো উচিত। কারণ আপনি হয়তো প্রথম দল খেলাতে পারবেন না। কারণ তারা ফিফা আসিয়ান কাপে থাকবে। তাহলে কি তারা দ্বিতীয় সারির দল খেলাবে, তাও আবার ব্রাজিলের বিপক্ষে?’

Advertisement

নিজের দল নিয়ে বেশি ভাবার সময়ে এত বড় ম্যাচ আয়োজন নিয়ে হতাশ বাইচুং। দলের অবস্থাকে গরীব ঘরের সঙ্গে তুলনা করেছেন বাইচুং। তার ভাষায়, ‘এই মুহূর্তে আমার মনে হয়, পুনর্গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত। এটা অনেকটা এরকম একটি পরিবারের মতো, যারা ঠিকমতো খেতে পারে না, জীবন যাপন করাই কঠিন, তারা তাদের ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।’

আইএন