দেশজুড়ে

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

পাবনার ঈশ্বরদীতে চুরির অভিযোগে স্থানীয় জনতার পিটুনিতে মানিক হোসেন সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) রাত প্রায় ৩টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

এসময় সুমনের ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তার ছেলে গুরুতর আহত হন। আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সুমন (৩২) একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে মুদি ব্যবসায়ী হাবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে হাবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এসময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হাবিবুল ইসলাম ও তার ছেলে শাকিলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত দোকানি হবিবুল ইসলাম ও তার ছেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

শেখ মহসীন/এফএ/জেআইএম