চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা বিক্রির সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশা উদ্ধার করা হয়।
Advertisement
সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ৩ জন হলেন, মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে একটি দল কয়েকদিন ধরে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে রোববার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন ফাতেমা মোটরসের সামনে অভিযান চালানো হয়।
Advertisement
অভিযানের সময় চোরাই অটোরিকশা কেনাবেচার সময় ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি নম্বরবিহীন এবং একটি অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্টো-থ-১১-৪৩৪৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সদস্য বলে জানায়। উদ্ধার হওয়া অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পটিয়া থানায় মামলার পর গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, চোরাই যানবাহন, সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
এমআরএএইচ/এসএনআর