দেশজুড়ে

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব বাতিল করে রাজশাহীতেই বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন সচেতন রাজশাহীবাসী।

Advertisement

সোমবার (৩ আগস্ট) বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ব্যানার নিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন কয়েকজন সচেতন নাগরিক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত। উত্তরাঞ্চলে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে এই প্রধান কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি প্রধান কার্যালয়টি রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় রাজশাহীবাসীর মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে। পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড নেতিবাচকভাবে প্রভাবিত হবে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

আরও পড়ুন ডিএসইর চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধন, নিরপেক্ষ তদন্ত দাবি

তারা আরও বলেন, রাজশাহী শিক্ষা, প্রশাসন ও আঞ্চলিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখা জনস্বার্থসংশ্লিষ্ট, যৌক্তিক এবং উত্তরাঞ্চলের সুষম উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে অবিলম্বে স্থানান্তরের প্রস্তাব বাতিল করে প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে উপস্থিত সচেতন নাগরিকরা বলেন, আমরা বিশ্বাস করি, আপনার বিচক্ষণ, দূরদর্শী ও জনকল্যাণমুখী নেতৃত্বে রাজশাহীর এই ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মনির হোসেন মাহিন/এসজেডএইচ/এএসএম

Advertisement