পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লোধরান জেলার মানধালি মোড় এলাকায় রোববার (১ ফেব্রুয়ারি) একটি দুর্ঘটনায় বিয়ের যাত্রীবাহী একটি বাস উল্টে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।
Advertisement
রেসকিউ ১১২২ লোধরানের দেওয়া বিবৃতিতে জানানো হয়, অতিরিক্ত গতিতে চলা একটি কোস্টার বাস একটি ট্রাকের সামনে দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
রেসকিউ ১১২২ জানায়, আহত ২৮ জনের মধ্যে ২৭ জন গুরুতর আহত হন। তাদের দ্রুত লোধরান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
Advertisement
এদিকে লোধরান জেলা পুলিশের (ডিপিও) প্রধান আলী বিন তারিক এক বিবৃতিতে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত মাসে একই দিনে দুটি পৃথক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। সে সময় পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক শুকনো খালে পড়ে যায় এবং বেলুচিস্তানের ওরমারা এলাকায় একটি কোচ উল্টে যায়।
এর কয়েক দিন পর নানকানা সাহিব ও শিয়ালকোটে ঘন কুয়াশার কারণে দুটি সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।
Advertisement
সূত্র: ডন
এমএসএম