সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে আসা পোস্টাল ব্যালটগুলোর স্ক্যানিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালট খামগুলো বারকোড মেশিন দিয়ে কিউআর কোড স্ক্যানিং করার সময় অসামঞ্জস্য তথ্য আসায় এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।
Advertisement
খোঁজ নিয়ে জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) ওসিভি ও আইসিপিভি ভোটের পোষ্টাল ব্যালট বাক্সে গ্রহণের প্রথম দিন ছিল। এজন্য গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালট স্ক্যান করতে গিয়ে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় স্থগিত করা হয় কার্যক্রম।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের জানান, ডাক বিভাগ থেকে আসা পোস্টাল ব্যালট স্ক্যান করে সঠিক পাওয়া গেলে রেজিস্ট্রি এন্ট্রি করে বাক্সে রাখার বিধান রয়েছে। রোববার প্রথম দিন ডাক যোগে গাজীপুরের ৫টি আসনের জন্য ৫০টি পোস্টাল ব্যালট খাম বন্ধ হয়ে আসে। ওইসব ব্যালট খাম আসন অনুযায়ী বাক্সে রাখার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাদের প্রতিনিধির উপস্থিতিতে প্রথমে বাক্স বন্ধ করা হয়।
তিনি বলেন, এরপর পোস্টাল ব্যালট খামগুলো বারকোড মেশিন দিয়ে কিউআর কোড স্ক্যানিং শুরু হয়। ১৬টি খাম স্ক্যান করা হলে সবকটিতে অসামঞ্জস্য তথ্য আসে। ধারণা করা হচ্ছে, সার্ভারে ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। পরে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কার্যক্রম স্থগিত করে ব্যালটগুলো সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছে।
Advertisement
এই রিটার্নিং কর্মকর্তা জানান, সোমবার নতুন ব্যালট আসলে সবগুলো পোস্টাল ব্যালট একসঙ্গে ফের স্ক্যানিং করা হবে। সঠিক পাওয়া গেলে বাক্সে রাখা হবে।
মো. আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম