নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহে যাচ্ছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সার্কিট হাউজ ময়দানে বক্তব্য দেবেন তিনি।
Advertisement
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে মাঠ পরিদর্শন করেন ময়মনসিংহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।
জামায়াতে ইসলামীর নেতারা জানান, জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। প্রথমে ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জনসভায় উপস্থিত হবেন। মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে বক্তব্য দেবেন তিনি। ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াতের আমির। জনসভায় ব্যাপক জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।
ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলীয় জোট মনোনীত ময়মনসিংহ- ৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল জাগো নিউজকে বলেন, আমিরের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাকে একনজর দেখবেন, মুখের কথা শোনবেন এজন্য অপেক্ষায় আছে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
Advertisement
এই আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫ জন, নারী ভোটার ৩ লাখ ৫০ হাজার ২৫১ জন এবং হিজড়া ১০ জন। ১৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুল ছাড়াও এই আসনে অন্যান্য প্রার্থীরা হলেন- ময়মনসিংহ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ জেলার সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু মো. মুসা সরকার, গণসংহতি আন্দোলনের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যাপক ডা. নাসির উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি,.এস.পি) মনোনীত প্রার্থী মো. লিয়াকত আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মো. হামিদুল ইসলাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী শেখর কুমার রায়।
কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম
Advertisement