দেশজুড়ে

৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি: নুরুল হক নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যারা আমার ওপর হামলা করেছিল, ৫ আগস্টের পর আমি তাদের নিয়ে চা খেয়েছি। তারা মাফ চেয়েছে, তাদের বলেছি- মাফ করে দিয়েছি ভাই, ভবিষ্যতে কারও সঙ্গে এমন করবেন না।

Advertisement

তিনি বলেন, ৫ আগস্টের পর কোনো মানুষের নামে মামলা দেইনি। আমার দলের কোনো নেতাকর্মী মামলা দেয়নি। এই গলাচিপা-দশমিনায় কোনো ব্যবসায়ীর কাছ থেকে একটা পয়সা নেইনি। বরং দশমিনা, গলাচিপা, পটুয়াখালীতে দুই থেকে আড়াই কোটি টাকার সরকারি বরাদ্দ এনে দিয়েছি। আবার এগুলো আনতে গিয়ে বদনাম শুনেছি যে তদবির করে এসব করে!

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমখোলা কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিদ্দিক গাজী।

আরও পড়ুননাগরিক বঞ্চনার অবসান চান ভোটাররা, আশা দেখাচ্ছেন প্রার্থীরা আব্বাস-পাটওয়ারীর আসনে সমস্যার শেষ নেই 

Advertisement

জনসভায় নুরুল হক নুর বলেন, চর বোরহানে আমার অফিস ভাঙচুর করেছে। আমি সঙ্গে সঙ্গে এসপি, ডিসি এবং ওসিকে জানিয়েছি। তাদেরকে জানাই কারণ তারা যেন সাক্ষী থাকেন, উপরে যেন বিষয়টি জানাতে পারে। কারণ তারা তো নাটক করবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আপনারা আমার কাছে ন্যায় এবং ইনসাফ পাবেন। আমি দশমিনা-গলাচিপায় কোনো রাজনৈতিক বিভাজন দেখতে চাই না। দল-মত নির্বিশেষে একটা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি, একটা উন্নত জনপদ প্রতিষ্ঠা করতে চাই।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমার প্রতি অতিরিক্ত আশা করবেন না। আমি সাধারণ জনগণের জন্য কাজ করতে চাই।

মাহমুদ হাসান রায়হান/কেএসআর

Advertisement