দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে গেলো ট্রাক, নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মুদি দোকানে ঢুকে পড়েছে। এই দুর্ঘটনায় ট্রাকের হেলপার শুভ (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালক রায়হান।

Advertisement

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এশিয়া হাইওয়ে সড়কের পূ্র্বাচলের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ বগুড়া সদর এলাকার মোক্তারের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সরকারি হেলপার হিসাবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি আলু বোঝাই ট্রাক গাজীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচলের শিমুলিয়া এলাকায় পৌঁছেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মুদির দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ট্রাকটির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের ভেতরের আটকা পড়ে চালক ও হেলপার। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ট্রাকের সামনের অংশ কেটে তাদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলেই মারা যায় হেলপার শুভ। গুরুতর আহত চালত রায়হানকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ সোহেল রানা জানান, বগুড়া থেকে আসা আলুবোঝাই ট্রাকটি গাজীপুরে যাচ্ছিল। পথিমধ্যে পূর্বাচলের শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে শুভ নামে ট্রাকটির হেলপার ঘটনাস্থলে নিহত হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনের প্রক্রিয়া চলমান রয়েছে।

নাজমুল হুদা/কেএইচকে/জেআইএম