সাহিত্য

আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন সাদাত হোসাইন

ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন। তার আলোচিত উপন্যাস ‘শঙ্খচূড়’-এর জন্য এ পুরস্কারে ভূষিত হলেন তিনি।

Advertisement

১০ ফেব্রুয়ারি চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় চ্যানেল আইতে। ঢাকা ব্যাংকের সহযোগিতায় পাক্ষিক আনন্দ আলো এ পুরস্কারের আয়োজন করে।

আরও পড়ুনমীর মশাররফ হোসেন সম্মাননা পেলেন কবি আমিরুল বাসার 

‘শঙ্খচূড়’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। দুই খণ্ডে রচিত বিস্তৃত ক্যানভাসের ‘শঙ্খচূড়’ কোনো ঐতিহাসিক উপন্যাস নয় বরং ইতিহাসের ছায়ায় বেড়ে উঠেছে এই ফিকশন। মানুষের জীবনজুড়ে যেমন অসংখ্য গল্প থাকে, তেমনই গল্পজুড়েও থাকে অসংখ্য জীবন। ‘শঙ্খচূড়’ সেই অসংখ্য গল্প, জীবন ও ভাবনার ভুবন।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে সাদাত হোসাইন বলেন, ‌‌‘‘শঙ্খচূড়’ আমার লেখালেখি জীবনের বিশেষ এক অধ্যায়। এই পুরস্কার তাই বিশেষ প্রাপ্তি। লেখকমাত্রই অতৃপ্ত, আমিও তার ব্যতিক্রম নই। প্রতিটি লেখাই শেষ করি নানান আক্ষেপ, অতৃপ্তি নিয়ে। তবে সেইসব আক্ষেপ কিংবা অতৃপ্তির মধ্যেও ‘শঙ্খচূড়’ যেন এক তৃপ্তির নাম।’

Advertisement

আরও পড়ুনবাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পেলেন যারা 

সাদাত হোসাইনের জন্ম মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে কর্মরত অবস্থায় ২০১৩ সালে প্রথম বই ‘গল্পছবি’ প্রকাশিত হয়। পরে ছোটগল্প ও উপন্যাসের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯, চোখ সাহিত্য পুরস্কার ১৪২৬, কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২১-সহ একাধিক পুরস্কার লাভ করেন।

এসইউ

Advertisement