খেলাধুলা

বার্সা-আতলেতিকোর টানাটানি, পর্তুগিজ তারকাকে লুফে নিলো রিয়াল

ম্যানচেস্টার সিটির তারকা বার্নার্দো সিলভাকে দলে ভেড়ানোর ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। জানা গেছে, দুই বছরের চুক্তির সঙ্গে আরও এক বছরের মেয়াদ বৃদ্ধির অপশন রেখেছে রিয়াল। এছাড়া, সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসার পর নিজের প্রথম বড় সাইনিং সম্পন্ন করতে হোসে মরিনহো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Advertisement

রিয়াল মাদ্রিদ ও সিলভার মধ্যে হওয়া এই চুক্তির অগ্রগতি ছিল অত্যন্ত দ্রুত। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, আলোচনা শুরুর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই ক্লাব, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পূর্ণাঙ্গ সমঝোতা হয়ে যায়। চলতি মাসের শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্নার্দো সিলভার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা, আর এরপরই তিনি স্পেনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

ইতিহাদ স্টেডিয়ামে কয়েকটি সফল মৌসুম কাটানোর পর এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই পর্তুগিজ মিডফিল্ডার। সম্প্রতি রিয়াল মাদ্রিদের দায়িত্বে দ্বিতীয়বারের মতো কোচের দায়িত্ব নেওয়া মরিনহোও এই ফুটবলারকে পছন্দ করেন।

সিলভাকে দলে টানার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের এই সাফল্যকে তাদের ঘরোয়া প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ওপর বড় জয় হিসেবে দেখা হচ্ছে। কারণ দুই ক্লাবেরই তার প্রতি আগ্রহ ছিল। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, ম্যানচেস্টার সিটিতে নিজের চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সিলভা ফ্রি এজেন্ট হিসেবে মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। ফলে কোনো ট্রান্সফার ফি ছাড়াই সর্বোচ্চ পর্যায়ের অভিজ্ঞ একজন ফুটবলারকে দলে পাচ্ছে রিয়াল মাদ্রিদ।

Advertisement

ক্লাবে নয় বছর কাটানোর পর ম্যানচেস্টার সিটি ছাড়ছেন সিলভা। এই সময়ে তিনি দলকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে সাহায্য করেছেন। ১৫৩টি গোলে অবদানের পাশাপাশি তিনি নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম প্রভাবশালী মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এমএমআর