জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে চসিক ও এমএসএফের সমঝোতা স্মারক সেই

ডেঙ্গু প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলা কার্যক্রম জোরদার করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, এমএসএফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেসন মিলস এবং কান্ট্রি চিফ ফর হেলথ ডা. কারমেনজা গালভেজ এ চুক্তিতে সই করেন।

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতার মাধ্যমে ডেঙ্গুজনিত ক্রমবর্ধমান জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সমন্বিত ও কার্যকর সহযোগিতামূলক কাঠামো গড়ে তোলা হবে।

চট্টগ্রামে ডেঙ্গু বর্তমানে বড় জনস্বাস্থ্য উদ্বেগে পরিণত হয়েছে। সারাবছর সংক্রমণ এবং ঘনঘন প্রাদুর্ভাবের ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। বিশেষ করে ২০২৩ সালের ডেঙ্গু পরিস্থিতি এ সংকটের গুরুত্বকে আরও স্পষ্ট করেছে।

Advertisement

এমএসএফের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষাপটে চট্টগ্রামে এ ধরনের অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চসিক মেয়র বলেন, নগরবাসীর জন্য ডেঙ্গু একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যা মোকাবিলায় দৃশ্যমান অগ্রগতি অর্জন সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

এই অংশীদারত্বের আওতায় ছয়টি মূল খাতে কাজ করা হবে। এর মধ্যে রয়েছে—মশা নিয়ন্ত্রণ জোরদার, রোগ শনাক্তকরণে নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা উন্নয়ন, ডেঙ্গু বিষয়ে গবেষণা এবং নীতিগত কার্যক্রম জোরদার।

এমএসএফ ১৯৭১ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা—যা সংঘাত, মহামারি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চিকিৎসাসেবা দিয়ে আসছে। বাংলাদেশে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি চট্টগ্রামে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে।

Advertisement

এমআরএএইচ/এমকেআর