ধর্ম

নামাজের মধ্যে ঘড়ি দেখা যাবে?

প্রশ্ন: আমাদের এলাকার মসজিদে পশ্চিম দিকের দেয়ালে বড় ডিজিটাল ঘড়ি লাগানো হয়েছে, নামাজের মধ্যে ঘড়ি চোখ পড়ে যায়। প্রশ্ন হলো, নামাজের মধ্যে ঘড়ির দিকে অনিচ্ছায় চোখ পড়লে বা ইচ্ছাকৃত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলে কি নামাজের ক্ষতি হবে? নামাজ কি নষ্ট হয়ে যাবে?

Advertisement

উত্তর: নামাজের সময় অনিচ্ছাকৃত ঘড়িতে দৃষ্টি পড়লে তাতে নামাজের ক্ষতি হবে না। তবে নামাজে ইচ্ছাকৃত ঘড়ি বা অন্য কিছুর দিকে তাকানো মাকরুহ।

নামাজে যথাযথ মনোযোগ ও খুশুখুজু না থাকলে, একাগ্র মনে আল্লাহমুখী হয়ে নামাজ না পড়লে নামাজের সওয়াব পুরোপুরি পাওয়া যায় না। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এমন অনেক লোক আছে যারা নামায পড়ে কিন্তু তাদের নামায পুরাপুরি কবুল না হওয়ায় পূর্ণ সওয়াব তারা পায় না। তাদের কেউ দশ ভাগের এক ভাগ, কেউ নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ বা দুই ভাগের এক ভাগ সওয়াব পেয়ে থাকে। (সুনানে আবু দাউদ)

তাই আমাদের কর্তব্য একাগ্র ও আল্লাহমুখী হয়ে নামাজ আদায় করা। যথাযথ মনোযোগ ও প্রাণ না থাকলে হতে পারে ওই নামাজের এক দশমাংশ সওয়াবও আপনি পাচ্ছেন না। ইবনুল কায়্যিম (রহ.) বলেন, আল্লাহর সামনে নিস্প্রাণ মৃত ইবাদত পেশ করতে আমাদের লজ্জা পাওয়া উচিত।

Advertisement

ওএফএফ