জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে কবিতা আবৃত্তি করলেন চিফ হুইপ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসার পর জাতীয় সংসদে তাকে অভিনন্দন জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে কবিতাও আবৃত্তি করেছেন তিনি। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে তিনি সম্মানিত হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।

নূরুল ইসলাম মনি এ সময় সরকারের দুই মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা তুলে ধরে বলেন, ১৭ বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলের কালি শুকানোর আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন।

পরে চিফ হুইপ একটি কবিতা আবৃত্তি করেন। তবে সেটি কার লেখা তা তিনি উল্লেখ করেননি। প্রধানমন্ত্রীকে নিয়ে চিফ হুইপের আবৃত্তি করা কবিতাটি হলো—

Advertisement

তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল।নদী ছিল, মানুষ ছিল স্বপ্নও ছিলকিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।তিনি এলেন, বললেন, খুবই কম কথাসময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণবললেন উই হ্যাভ এ প্ল্যান।বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননিনিজের আলোয় দাঁড়িয়েছিলেনদরজাগুলো নিজেই খুলে গেছেএখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নামএই দেশের নাম, বাংলাদেশের নাম।নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলাআশা জাগিয়ে তোলা।

চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই অর্জন (টাইম ম্যাগাজিনের স্বীকৃতি) আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।

এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে প্রতিনিয়ত গান ও কবিতা পাঠ হলেও ত্রয়োদশ সংসদে এটিই প্রথম। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। ওই দিনই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদের বৈঠকে বেশ কয়েকজন সদস্য গান গেয়ে ও কবিতা পাঠ করে আলোচিত হয়েছিলেন। তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমান ও ফোক শিল্পী মমতাজ ছিলেন অন্যদের তুলনায় এগিয়ে। প্রধানমন্ত্রীর এ ধরনের প্রশংসা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রলের শিকার হয়েছিলেন তৎকালীন একাধিক মন্ত্রী-এমপি।

Advertisement

এমওএস/এমএমকে