বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। এর ফলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদন শুনানি নিয়ে চেম্বার জজ আদালত তা স্থগিত করে দেন।
রিটের আদেশের পর রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল সাংবাদিকদের বলেছিলেন, দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এই আদেশ দিয়েছিলেন। ওই আদেশ স্থগিত হয়েছে।
Advertisement
গত ২৯ জানুয়ারি ইস্যুকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়। এক্ষেত্রে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু আবেদনপত্র দাখিল করার ১৯ দিন পরে স্কুল ও কলেজ এবং ২৫ দিন পরে ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি ও ডিপ্লোমা এবং মাদরাসা শিক্ষাসংক্রান্ত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিবর্তন আনা হয়। পরিবর্তিত নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের সব পদে শিক্ষকদের ১৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।
এফএইচ/এমএমকে