খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হবে টাইগার একাদশ?

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশ কেমন হবে? টিম কম্বিনেশনটাই বা কী হবে? সেটা জানাননি। তবে টাইগার হেড কোচ ফিল সিমন্স বুধবারই জানিয়ে দিয়েছেন, ওপেনিং জুটিতে কোনো রদবদল ঘটবে না। তানজিদ তামিম আর সাইফ হাসানই খেলবেন ওপেনার হিসেবে। তাদের ডানহাতি-বামহাতি কম্বিনেশনেই সাজানো হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টিম বাংলাদেশের ওপেনিং জুটি।

Advertisement

ওপরের এইটুকু শুনে হয়তো ভাবছেন, ওপেনিং জুটির কথা যখন বলেছেন, তখন বুঝি টিম কম্বিনেশন সম্পর্কেও ধারণা দিয়ে ফেলেছেন। আসলে তা নয়। আগামী পরশু ১৭ এপ্রিল থেকে শেরে বাংলায় কিউইদের সঙ্গে টাইগারদের যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, তাতে টিম বাংলাদেশের ওপেনিং জুটি ছাড়া আর কম্বিনেশন সম্পর্কে একটি কথাও বলেননি টাইগার হেড কোচ সিমন্স।

তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে গত মার্চে হওয়া তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ যে কম্বিনেশনে খেলেছিল, এ সিরিজেও হয়তো সেই কম্বিনেশনটাই বহাল থাকবে। তার মানে সেই ৩ পেসার, ২ স্পিনার এবং ৬ ব্যাটারে সাজানো হবে দল।

ভুলে গেলে চলবে না, খেলা হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে। রাজধানী ঢাকার আবহাওয়া এখন পুরো শুকনো। মাঝে কয়েকদিন একটু বৃষ্টি হলেও আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

Advertisement

তাই ধরে নেওয়া যায় আকাশ থাকবে মেঘমুক্ত পরিষ্কার। উত্তাপও থাকবে বেশি। এরকম খটখটে আবহাওয়ায় উইকেটের ওপরের স্তর একদম শুকনো থাকবে। তাই উইকেটে বাউন্স অন্য সময়ের চেয়ে আরও বেশি থাকতে পারে। আর বাউন্স বেশি থাকা মানেই বাড়তি পেসার খেলানোর মতো অবস্থা। সেক্ষেত্রে তিন পেসার খেলানোর সম্ভাবনাই বেশি।

পেস বোলারদের কোটায় তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান আর নাহিদ রানা থাকবেন ফার্স্ট চয়েজ। পাকিস্তানের পিএসএলে দারুণ বোলিং করে এসেছেন নাহিদ রানা। বিশ্রাম দিলে ভিন্ন কথা, না হলে এ দ্রুতগতির বোলারের একাদশে থাকা এবং প্রধান স্ট্রাইক বোলার হিসেবে খেলা একরকম নিশ্চিত। এর বাইরে ফর্মে থাকা তাসকিন আর কাটার মাস্টার মোস্তাফিজের খেলাও নিশ্চিত বলেই ভাবা হচ্ছে।

স্পিনার কোটায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফার্স্ট চয়েজ। তার সঙ্গে লেগস্পিন গুগলি বোলার রিশাদ হোসেনের খেলাও মোটামুটি নিশ্চিত।

ব্যাটসম্যান কোটায় তানজিদ তামিম তো আছেনই। সঙ্গে প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি করা সাইফ হাসান বাকিদের পেছনে ফেলে একাদশে জায়গা নিশ্চিত করে ফেলেছেন। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত, তারপর তৌহিদ হৃদয়, লিটন দাস আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজও অটো চয়েজ।

Advertisement

এর বাইরে আফিফ হোসেনকে আরও একবার ‘ট্রাই’ করে দেখা হতে পারে। যেহেতু আফিফ ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিং করতে পারেন, ফিল্ডার হিসেবেও বেশ দক্ষ, তাই তাকে বিবেচনায় আনার সম্ভাবনা যথেষ্ট। যদিও শেষ সিরিজে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি আফিফ। তাকে আরও একটি সুযোগ দিয়ে দেখা হতে পারে।

তবে ওপর থেকে নামিয়ে বাঁ-হাতি সৌম্য সরকারকেও যদি নিচের দিকে ছয় কিংবা সাত নম্বরে খেলানো হয়, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। আফিফের বদলে সৌম্যকে ওপেনিংয়ে না খেলিয়ে মিডল অর্ডারে ট্রাই করানো হতে পারে। এটা একটি বিকল্প বাড়ানো, পাশাপাশি সৌম্যকে পরখ করে দেখা।

সেটা ওপেনিং বা ওয়ান ডাউনে হবে এমন নয়, এই বাঁ-হাতিকে একটু নিচে খেলানোও হতে পারে। ব্যাটিংয়ের পাশাপাশি জেন্টল মিডিয়াম পেস বোলিংটাও জানা সৌম্যর। তাকে ব্যবহার করে দেখা হতেও পারে।

তবে আজ বৃহস্পতিবার প্র্যাকটিস দেখে মনে হয়েছে কাল ১৭ এপ্রিল শেরে বাংলায় প্রথম ওয়ানডেতে সৌম্যর খেলার সম্ভাবনা নেই। যদিও এ বাঁ-হাতিকে আজ মিডল অর্ডারে ব্যাটিং করানো হয়েছে। হয়ত প্রথম ২ ম্যাচে সিরিজ নিশ্চিত হলে তৃতীয় খেলায় সৌম্যকে মিডল অর্ডারে দেখা যেতে পারে।

এর বাইরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলা দলটিই বহাল থাকবে বলে জানা গেছে।

আসুস মিলিয়ে নেই নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে টাইগারদের প্রথম একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

এআরবি/আইএইচএস/