পঞ্চগড়ে এক কলেজছাত্রীকে ঘুরতে যাওয়াসহ আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে আবু হোসেন (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না পঞ্চগড় সরকারি মহিলা কলেজের একটি কক্ষে সামারি ট্রায়ালের মাধ্যমে এ আদেশ দেন। এর আগে ওই আদালতে অভিযুক্ত আসামিকে হাজির করা হলে বাদীর অভিযোগ, আসামির স্বীকারোক্তি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবু হোসেনের বাড়ি পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকায়। সে পেশায় রাজমিস্ত্রীর সহকারী।
জানা যায়, সকালের দিকে ওই শিক্ষার্থী প্রাইভেট শেষে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের একটি সরু গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। গলির মধ্যে আবু হোসেন তার গতিরোধ করে টাকার বিনিময়ে বাইরে ঘুরতে যাওয়া এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আটক করে উত্তমমাধ্যম দিয়ে পুলিশ দেয়। বিকেলে কলেজ কক্ষের আদালতে হাজির করা হলে এ দণ্ডাদেশ দওয়া হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ রায় উদাহরণ সৃষ্টি করেছে। এ ধরনের ঘৃণ্য কাজ করলে পরিণতি এমনই হবে। আসামিকে জেলা কারাগারের পাঠানোর প্রক্রিয়া চলছে।
Advertisement
সফিকুল আলম/এএইচ/জেআইএম