বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ একটি কার্ড দেওয়া হয়েছে তাদের, যার মাধ্যমে আজীবন দেশের সব ধরনের ক্রিকেট ম্যাচে প্রবেশাধিকারসহ বিভিন্ন সুবিধা পাবেন তারা।
Advertisement
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বোর্ডের অ্যাডহক কমিটির বাকি দুই সদস্য রাশনা ইমাম ও সৈয়দ ইব্রাহীম আহমেদ উপস্থিত ছিলেন। অধিনায়কদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।
এই ক্যাপ্টেন্স কার্ডে কি আছে সেটা অবশ্য অধিনায়কদের হাতে তুলে দেওয়ার আগেই জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম। তিনি বলেন, ‘আগে যে টিকিট দেওয়া হতো তা এখনো থাকবে, তবে সেটি পরিবার-সন্তানদের জন্য ব্যবহার করা যাবে।’
তামিম বলেন, ‘আপনারা যে টিকিট পেতেন সেটা থাকবে; কিন্তু সেটা হবে আপনার পরিবার, সন্তানদের জন্য। আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন, তার মূল্য কোনো টিকিট দিয়ে হয় না। এটা শুধু আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা সম্মান।’
Advertisement
কার্ডধারীরা মিরপুর স্টেডিয়ামে বিশেষ গাড়ি পার্কিং সুবিধাও পাবেন বলে জানান তিনি। তামিম বলেন, ‘খুব ছোট একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ- কার পার্কিং। অনেক সময় আমাদের গাড়ি বাইরে রাখতে হয়, অনেক ক্যাপ্টেনকে রাস্তা থেকে হেঁটে এসে গেট দিয়ে ঢুকতে হয়। এটা হতে পারে না। মিরপুর প্রিমিসেসের ভেতরে যেটাকে আমরা ভিভিআইপি বলি- আমাদের কাছে আপনাদের চেয়ে বড় ভিভিআইপি আর কেউ না। তাই আপনারাই অগ্রাধিকার পাবেন।’
এছাড়া অধিনায়করা অবসরের পর জাতীয় দলের ক্রিকেটারদের মতো স্বাস্থ্যবিমা সুবিধাও পাবেন। তিনি বলেন, ‘ক্যাপ্টেনরা যখনই অবসর নেবেন- যারা নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন- তারা জাতীয় দলের ক্রিকেটারদের মতোই স্বাস্থ্যবিমা পাবেন। আমাদের নিজস্ব মেডিকেল টিম আছে। অনেকের বয়স হয়েছে, কেউ হয়তো ভাবেন রাতে অসুস্থ হলে কী হবে। আজ থেকে বিসিবির মেডিকেল টিম ২৪ ঘণ্টা আপনাদের জন্য থাকবে। ডাক্তারকে আলাদা করে ফোন করা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন হয়, সেটা ঠিক করার দায়িত্ব বিসিবির।’
প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করে দেওয়া হবে বলেও জানান তিনি। তামিম বলেন, ‘যদি বিদেশে চিকিৎসা দরকার হয়, কোথায় ভালো চিকিৎসা পাওয়া যাবে- সেটা খুঁজে বের করার দায়িত্বও বিসিবির মেডিকেল টিমের।’
ভবিষ্যতে বোর্ড যত বড় হবে, এই কার্ডের সুবিধাও তত বাড়বে বলেও জানান তিনি, ‘বিসিবি যত বড় হবে, এই কার্ডের সুবিধাও তত বাড়বে। আমরা আরও নতুন সুবিধা যোগ করব। এটা খুব বড় কিছু নয়, কিন্তু একটা শুরু। বিসিবির পক্ষ থেকে আপনাদের প্রতি ছোট্ট একটা সম্মান।’
Advertisement
অনুষ্ঠানে কয়েকজন সাবেক অধিনায়ক উপস্থিত থাকতে পারেননি বলেও জানান তামিম। তিনি বলেন, ‘আজ অনেকেই আসতে পারেননি। আমি সবার সাথেই কথা বলেছি। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, ফারুক আহমেদ- সবার সাথেই কথা হয়েছে। আমি আমিনুল ইসলাম বুলবুল ভাইকেও ফোন করেছি, মেসেজ দিয়েছি। কিন্তু যোগাযোগ করা যায়নি। উনার অবদানও বিশাল, তিনি আমাদের প্রথম টেস্ট অধিনায়ক এবং প্রথম সেঞ্চুরিয়ান ‘
শেষে অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, ‘এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।’
সবশেষে রাজনীতি নয়, ক্রিকেটারদের পারস্পরিক সম্মানের কথাই তুলে ধরেন তামিম। তিনি বলেন, ‘আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। বোর্ডে সম্প্রতি কী হয়েছে সেটাও বলতে চাই না। আমরা সবাই ক্রিকেটার এবং আমি সবাইকে সম্মান করি।’
এসকেডি/আইএইচএস/