দেশজুড়ে

লঞ্চে ফেলে যাওয়া শিশুর স্বজনের খোঁজ মেলেনি

টুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী লঞ্চে উদ্ধার হওয়া অজ্ঞাত কন্যাশিশুর পরিচয় ২৪ ঘণ্টা পার হলেও নিশ্চিত করা যায়নি। পরে শিশুটিকে ঢাকার সদরঘাট নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এমভি বন্ধন-৫ লঞ্চের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকেল ৪টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে লঞ্চটি। সন্ধ্যা ৭টার দিকে ধুলিয়া ঘাটে পৌঁছালে এক ব্যক্তি শিশুটিকে নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে শিশুটির বাবা পরিচয় দেন। কিছু পর তিনি জানান, শিশুটির মা ঘাটে রয়েছেন তাকে নিয়ে আসবেন। এ কথা বলে তিনি লঞ্চ থেকে নেমে যান এবং যাওয়ার আগে পাশের যাত্রীদের কাছে শিশুটির দেখভালের অনুরোধ করেন।

পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে লঞ্চটি ধুলিয়া ঘাট ত্যাগ করে। রাত ৮টার দিকে দিঘিরপাড় ঘাট ছাড়ার পরও ওই ব্যক্তি আর ফিরে না আসায় বিষয়টি নিশ্চিত হয় যে শিশুটিকে ফেলে রেখে তিনি চলে গেছেন। এরপর লঞ্চের স্টাফরা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নেয়।

Advertisement

লঞ্চটির সিনিয়র স্টাফ মোহাম্মদ আল-আমিন জানান, লঞ্চটি বর্তমানে ঢাকায় রয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে বিভিন্ন মাধ্যমে ছবি ও তথ্য প্রচার করা হলেও এখন পর্যন্ত কোনো স্বজন খোঁজ নিতে আসেনি।

তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশনায় বিকেলে শিশুটিকে সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে নিরাপদে রয়েছে।

সদরঘাট নৌ থানা পুলিশের কর্মকর্তা মো. সোহাগ রানা বলেন, শিশুটিকে শিশুদের দেখভালের একটি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়েছে। তার পরিবারের সন্ধানে পুলিশ কাজ করছে।

মাহমুদ হাসান রায়হান/এএইচ/জেআইএম

Advertisement