ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার খেলোয়াড়দের দিচ্ছে ক্রীড়াভাতা ও ক্রীড়াকার্ড। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।
Advertisement
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াবিদদের ঐতিহাসিক এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ১২৯ জনকে প্রদান করেছিলেন ১ লাখ টাকা করে ভাতা ও ক্রীড়া কার্ড। সরকারের পরিকল্পনা অনুযায়ী সব ডিসিপ্লিনের ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে। তাতে সরকারের এই খাতে ব্যয় হবে বছরে ব্যয় হবে ৬০ কোটি টাকা।
তবে এই ভাতা স্থায়ী না। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘প্রতি চার মাস অন্তর ক্রীড়াবিদদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।’
মোট ৫০০ জনকে ক্রীড়াভাতার আওতায় আনা হলেও এই অর্থ বছরে ভাতা দেওয়া হবে ৩০০ জনকে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, ‘প্রথম দিনে ১২৯ জনকে ক্রীড়াভাতা দেওয়া হয়েছে। রোববার দেওয়া হবে আরো ১৭১ জনকে। এই অর্থ বছরে ৩০০ জনকেই দেওয়া হবে।’
Advertisement
রোববার যে ১৭১ জনকে ক্রীড়াভাতা ও ক্রীড়াকার্ড প্রদান করা হবে সেই তালিকায় ফুটবলাররাও আছেন। জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের খেলোয়াড়রা আছেন ভাতার তালিকায়। তবে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের কয়জনকে ভাতার তালিকায় রাখা হয়েছে তা জাতীয় ক্রীড়া পরিষদ বা বাফুফে কোন পক্ষ থেকেই নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসানের কাছে জানতে চাইলে তিনি বলেন,'এ বিষয়ে বিস্তারিত না বলি।'
জাতীয় পুরুষ ফুটবল দল সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছেন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। আর জাতীয় নারী ফুটবল দল খেলেছে এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে।
রোববার সকাল ১১ টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের অডিটরিয়ামে দ্বিতীয় পর্যায়ের ১৭১ জনকে ক্রীড়াভাতা প্রদান করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আরআই/আইএইচএস/
Advertisement