খেলাধুলা

হ্যাটট্রিক সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে, পারবেন কি মিরাজ

ঘরের মাঠে সবশেষ দুই সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এবার লক্ষ্যটা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিরিজ জয়ের হ্যাটট্রিকপূর্ণ করা। আর সেই লক্ষ্য পূরণে সামনে নিউজিল্যান্ড। দলটির নিয়মিত স্কোয়াডের একাধিক খেলোয়াড় ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে ব্যস্ত।

Advertisement

তাই বলা চলে কিছুটা অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড দল। ভারতের বিপক্ষে জানুয়ারিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে যে একাদশ খেলেছিল কিউইদের, সেই দলের আটজনই এবার নেই।

তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নেওয়াই এই সফরের লক্ষ্য বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ব্লেয়ার টিকনার ও ডিয়ান ফক্সক্রফটরা আছেন এই স্কোয়াডে।

এছাড়া বাঁহাতি স্পিনার জেইডেন লেনক্স। ভারত সফরে অভিষেক সিরিজে ভালো করায় বাংলাদেশে তার ওপর বাড়তি প্রত্যাশা থাকবে। নতুন এই দলে অভিজ্ঞ হিসেবে রয়েছেন টম ল্যাথাম, উইল ইয়াং ও হেনরি নিকোলস।

Advertisement

অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ দল ঘরের মাঠের সুবিধা ছাড়াও আত্মবিশ্বাসে এগিয়ে। গত মাসেই এখানে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে। ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। বোলিংয়ে দ্যুতি ছড়ান দুই গতিতারকা নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

এরপরও মিডল অর্ডারে কিছু সমস্যা রয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন এখনো নিজেদের ভূমিকা নিয়ে স্পষ্ট নন। বড় ইনিংসের খোঁজে আছেন সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত।

তবে বোলিং আক্রমণে পার্থক্য গড়ে দিতে পারেন তাসকিন আহমেদন, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা। লেগ স্পিনে তো রিশাদ হোসেন আছেনই।

শুক্রবার নিউজিল্যান্ড কীভাবে বাংলাদেশের পেস, স্পিন এবং গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়, তা থেকেই বোঝা যাবে এই সাদা বলের সিরিজে তাদের ভবিষ্যত কী হতে যাচ্ছে।

Advertisement

আইএন