খেলাধুলা

দুই দলের মুখেই শরিফুল-বন্দনা

টসের ১০ মিনিট আগেও জানতেন একাদশে নেই!। হুট করে মোস্তাফিজুর রহমানের চোটে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। ৭০ শতাংশ ডট বল করে ১০ ওভারে ২৭ রান খরচায় নেন ২ উইকেট। ম্যাচ শেষে সতীর্থ সাইফ হাসান তো বটেই, শরিফুল প্রশংসা কুড়িয়েছেন এই ম্যাচের সেরা তারকা কিউই ব্যাটার ডিন ফক্সক্রপটেরও।

Advertisement

১৬ মাস পর শরিফুলের এমন পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ বলেন, ‘শরিফুল অনেক ভালো বোলিং করছে। ১০ ওভারে ৩০ এর কম রান দিয়েছে। আমার মনে হয় ও দ্রুত মানিয়ে নিতে পেরেছে, এই উইকেটে কীভাবে বল করা উচিত। আর ও ভালো বোলিং করছে।’

সাইফ মনে করেন, শরিফুল আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তার ভাষায়, ‘দলের সবাই প্রস্তুত থাকে খেলার জন্য। ও ওর প্রস্তুতিটা নিয়ে রেখেছিল আগে থেকেই।’

মিডল ওভারে দ্রুত কিছু উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে খেলায় রাখেন ফক্সক্রফট। ৫৮ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস আসে তার ব্যাট থেকে। এতে করেই আড়াইশ ছোঁয়া সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ম্যাচ শেষে তিনিও প্রশংসায় ভাসান শরিফুলসহ বাংলাদেশের বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে।

Advertisement

ফক্সক্রপট বলেন, ‘বাংলাদেশের পেসাররা খুবই ভালো এবং অভিজ্ঞ। শরিফুল, রানা ও তাসকিন—তিনজনই আন্তর্জাতিক ক্রিকেটে মানসম্মত বোলার এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। আজ তাদের বোলিং সত্যিই নিখুঁত ছিল। বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেভাবে বোলিং করেছে, আর ইনিংসের শেষ দিকেও আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছে। নতুন বলেও তারা দারুণ জায়গায় বোলিং করেছে।’

এসকেডি/এমএমআর