দেশজুড়ে

পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে হামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে দলের মুখপাত্র আল রাশেদ প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার আগে জেলা শহরের বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন জাগপা নেতারা। হামলায় দলীয় কার্যালয়ের টিনের সীমানা বেড়া সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। ভেতরের চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়।

এর আগে বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আল রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে জেলা শহরের বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। এসময় সংক্ষিপ্ত পথসভায় জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

Advertisement

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, ‌‘প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছেন। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধিতা করতেই পারেন। তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার বিচার চাই। একই সঙ্গে রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছি।’

জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, ‘তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের চেয়ার-টেবিল, টিভিসহ আসবাপত্র ভাঙচুর করেছেন। তবে তারা আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা করেননি।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

Advertisement

সফিকুল আলম/এসআর/এএসএম