ফুটবল খেলায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের লিন্দন মিয়ার ছেলে।
Advertisement
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ওই গ্রামের একটি ফুটবল খেলা চলাকালে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের এক যুবকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খেলা শেষে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিম মিয়ার ওপর হামলা চালান। এসময় ইব্রাহিমের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সেজু মিয়া জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে জানতে পারেন তার ভাই ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
Advertisement
ইআরকে/এমআইএইচএস