পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি ৬ পয়েন্ট পিছিয়ে আছে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে। সিটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে। গত সপ্তাহে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হারলেও দল আত্মবিশ্বাসী বলে জানান আর্তেতা। যদিও উইঙ্গার বুকায়ো সাকা ও মিডফিল্ডার মিকেল মেরিনো এখনও বাইরে আছেন চোটের কারণে।
Advertisement
গত মাসে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত হওয়ার পর এর মাঠে নামা হয়নি সাকার। অন্যদিকে ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের জন্য মাঠের বাইরে চলে যান মেরিনো।
দুইজনই যে খেলতে পারছেন না সেটি নিশ্চিত করে বলেছেন ক্লাবটির কোচই। আর্তেতা বলেন, ‘বুকায়ো নিশ্চিতভাবেই বাইরে, মিকেলও খেলতে পারবে না। কাল আমাদের আরেকটি অনুশীলন আছে। মাদুয়েকে বেশ ইতিবাচক অবস্থায় আছে। সে এমন একজন খেলোয়াড়, যে ব্যথা নিয়েও খেলতে পারে। আমি আশাবাদী সে খেলতে পারবে, তবে অনুশীলন করতে পারে কিনা তা দেখতে হবে।’
সাকা খেলছেন না বিষয়টি নিশ্চিত করলেও আশাবাদও ব্যক্ত করেছেন আর্তেতা তাকে নিয়ে। আর্সেনাল কোচ বলেন, ‘এখন মাত্র হালকা অনুশীলন শুরু করেছে। তার উন্নতি কীভাবে হচ্ছে এবং কত দ্রুত সে পুরোপুরি ফিট হতে পারে, সেটাই এখন দেখার বিষয়।’
Advertisement
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে যারা খেলতে পারেননি যেমন মার্টিন ওডেগার্ড, জুররিয়েন টিম্বার ও রিকার্দো ক্যালাফিওরিদের অবস্থাও মূল্যায়ন করা হবে। মিকেল আর্তেতা বলেন, ‘কিছু খেলোয়াড় খুব কাছাকাছি আছে। সময় কম, তাই কাল সবাইকে চাপ দিয়ে দেখব। যারা ফিট থাকবে তারা দলে থাকবে, না হলে নয়।’
আর্তেতা ইঙ্গিত দেন, ১৬ বছর বয়সী ম্যাচ ডওম্যান সুযোগ পেতে পারে।
২২ বছর পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের লক্ষ্যে থাকা আর্সেনালের জন্য রবিবারের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আর্তেতা বলেন, ‘এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এটাই পরের ম্যাচ। আমরা জয়ের জন্যই খেলি, ড্রয়ের কথা ভাবি না।’
আইএন
Advertisement