‘পরীক্ষার আগে কোনো রুটিন (সময়সূচি) প্রকাশ করা হবে না। পরীক্ষার্থী পরীক্ষার কক্ষে গিয়ে জানতে পারবে আজ কোন বিষয়ের পরীক্ষা। নকল বন্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে’- এমন একটি অসত্য তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Advertisement
শিক্ষা মন্ত্রণালয় বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে এবং নামসর্বস্ব অনলাইন পোর্টালে ছড়ানো এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপতথ্য ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিবরণীতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি কোনো শিক্ষা বোর্ডও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি; এ ধরনের কোনো আলোচনাও কোথাও হয়নি। অথচ একটি মহল আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন এমন তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। প্রকৃতপক্ষে এটি গুজব।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী- এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। আগামী ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
Advertisement
এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৭ জুন। তবে এ পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনও প্রকাশ করেনি শিক্ষা বোর্ডগুলো। রোববার (১৯ এপ্রিল) এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হতে পারে।
এএএইচ/এমআরএম