আন্তর্জাতিক

আংশিকভাবে আকাশপথ খুলে দিয়েছে ইরান

আংশিকভাবে আকাশপথ খুলে দিয়েছে ইরান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিউজের তথ্যমতে, ইরানের আকাশপথ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

Advertisement

ইরনা জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশের আকাশপথ এবং বেশ কয়েকটি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং আজ থেকে পর্যায়ক্রমে ফ্লাইট চলাচল শুরু হবে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, দেশের পূর্বাঞ্চলের আকাশপথগুলো আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশপথ বন্ধ ছিল।

এদিকে ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য গোষ্ঠীগুলো। ওই রুট কতটা নিরাপদ- সেটি যাচাই করছে তারা। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এখনো হরমুজ প্রণালিতে জাহাজের আনাগোনা খুবই সীমিত।

Advertisement

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করার বিষয়টি শুক্রবার সামাজিক মাধ্যমে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যদিও তিনি সতর্ক করেছেন যে, জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত ‘নিরাপদ লেন’ বা পথই ব্যবহার করতে হবে।

সামাজিক মাধ্যম এক্সে আব্বাস আরাঘচি লিখেছেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে, ইরানের বন্দর ও নৌ-সংস্থা কর্তৃক ঘোষিত সমন্বিত পথে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

টিটিএন

Advertisement