দেশজুড়ে

পাওনা টাকা চাওয়া নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ৮

মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে দু’পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এসময় দুটি দোকানে ভাঙচুর করে লুটপাটের ঘটনা ঘটে।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার নয়াচর গোলচত্তর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই এলাকার মিনজাল বেপারীর ছেলে সাগর বেপারী (১৯), মৃত মৃত হাজী ওহাদে সরদারের ছেলে গোলাম মওলা সরদার (৫৮), মৃত হান্নান বেপারীর ছেলে রবিউল বেপারী (২৫), হান্নান বেপারীর ছেলে রেদওয়ান বেপারী (১৬), লিটন মাতুব্বরের ছেলে সাজ্জাদ মাতুব্বর (২২) ও তাজেল খানের ছেলে রাসের খান (৩০)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকার গোলাম মাওলা সরদারের কাছ থেকে দুই বছর আগে তার মালায়েশিয়ার ভিসা ও পাসপোটের মেয়াদ বাড়ানোর কথা বলে ১ লাখ ৬৭ হাজার টাকা নেন একই এলাকার সাইদুল বেপারী। পরে কথা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয় সাইদুল। বিষয়টি নিয়ে একাধিকবার শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টাও করা হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় সাইদুলের বাড়িতে পাওনা টাকা চাইতে চান গোলাম মাওলা। এরই জেরে রাতে গোলাম মাওলা নয়াচর গোলচত্বরে গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় সাইদুল ও তার লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। টর্চলাইট জ্বালিয়ে রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ সংঘর্ষ শেষ হয় রাত সাড়ে ১১টার দিকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ভুক্তভোগী গোলাম মাওলা সরদার বলেন, সাইদুলের কাছে পাওনা টাকা চাওয়ায় এই ঘটনায় ঘটিয়েছে। আমিসহ আমাদের পক্ষের বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। সবাই হাসপাতালে ভর্তি আছে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত সাইদুল বেপারী বলেন, আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। মিথ্যা কথা বলে আমার লোকজনকে মারধর করেছে গোলাম মাওলা সরদারের লোকজন। আমি এই ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এএসএম

Advertisement