ফিনল্যান্ডের বিমানবাহিনীর ক্যাডেট পাইলটরা আকাশে উড্ডয়ন পথ দিয়ে ‘অশোভন’ আকৃতি আঁকার ঘটনায় শাস্তির মুখোমুখি হয়েছেন। ফ্লাইটরাডারের বিশ্লেষণে দেখা যায়, তাদের উড্ডয়ন পথের মধ্যে কিছু অস্বাভাবিক কৌশল ছিল, ডিজিটাল ট্র্যাংকিংয়ে যা দেখতে ‘পুরুষ যৌনাঙ্গের’ মতো।
Advertisement
ফিনিশ এয়ার ফোর্সের পাইলট রিজার্ভ অফিসার কোর্সের শিক্ষার্থীরা ১৩ এপ্রিল জ্যভাসকিলা থেকে দুটি গ্রব জি ১১৫ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন করেন। ওই মহড়ার উদ্দেশ্য ছিল টার্নিং বা বাঁক নেওয়ার অনুশীলন করা।
ফিনিশ বিমানবাহিনী নিশ্চিত করেছে, টিক্কাকোস্কি এয়ার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণরত ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘শৃঙ্খলামূলক’ ব্যবস্থা নেওয়া হবে।
যদিও কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা স্পষ্ট নয়। তবে বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, সেনাদের কাছ থেকে শালীন আচরণ ও নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হয়। কেউ যদি তা লঙ্ঘন করে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
একই সঙ্গে তিনি ফিনল্যান্ডের সংবাদমাধ্যম ‘ইলে’-কে জানান, বিমানগুলো নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়নি। তারা নির্ধারিত ফ্লাইটপথের মধ্যেই ছিল এবং মিশনে দেওয়া নির্দেশনা অনুযায়ী মহড়া সম্পন্ন করেছে।
মুখপাত্র আরও বলেন, এই ফ্লাইটগুলো অন্য কোনো প্লেন চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেনি। তবুও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
পাইলট রিজার্ভ অফিসার কোর্সটি একটি বার্ষিক প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে সামরিক উড়োজাহাজ চলাচল সংক্রান্ত তাত্ত্বিক পাঠের পাশাপাশি প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ দেওয়া হয়।
গ্রব জি ১১৫ ই একটি প্রপেলারচালিত প্লেন, যা প্রাথমিক প্রশিক্ষণ, নেভিগেশন, ইনস্ট্রুমেন্ট ফ্লাইট ও অ্যারোবেটিক অনুশীলনের জন্য ব্যবহৃত হয়। এটি রয়্যাল নেভি, আর্মি এয়ার কর্পস ও রয়্যাল এয়ার ফোর্সেও পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে।
Advertisement
পাইলটরা আকাশে উড্ডয়ন পথ দিয়ে এমন অশোভন নকশা তৈরি করে প্রথমবারের মতো আলোচনায় এসেছেন, তা নয়। ২০২১ সালের অক্টোবর মাসে, রয়্যাল এয়ার ফোর্সের দুই পাইলট ইংল্যান্ডের লিংকনশায়ার থেকে নর্থ ওয়েলসের মধ্যে প্রায় ৪০ মাইল জুড়ে একটি অশোভন আকৃতি তৈরি করেছিলেন।
তখন আরএএফ দাবি করেছিল, দুইটি ফ্লাইটপথ মিলিয়ে যে আকৃতি তৈরি হয়েছিল, তা সম্পূর্ণ কাকতালীয়। তারা আরও বলেছিল, অপারেশনাল প্রশিক্ষণ মিশন সম্পন্ন করার সময় পাইলটদের অযথা সময় নষ্ট করার সুযোগ নেই।
এর আগে ২০২০ সালের নভেম্বরে, রাশিয়ার এয়ারলাইন পোবেদার একটি ফ্লাইট ভনুকোভো থেকে কোল্তসভো পর্যন্ত উড্ডয়নপথে একই ধরনের আকৃতি তৈরি করেছিল। ধারণা করা হয়, রুশ ফুটবল দলের অধিনায়ক আরতেম জিউবার প্রতি সমর্থন জানাতে ফ্লাইটপথ পরিবর্তন করেছিলেন ক্রুর সদস্যরা।
অন্যদিকে, ফিনল্যান্ডের বিমানবাহিনী সম্প্রতি আরেক ধরনের বিতর্কিত প্রতীকের সঙ্গেও যুক্ত ছিল। গত বছর বিদেশি দর্শনার্থীদের কাছে ‘অস্বস্তিকর পরিস্থিতি’ এড়াতে তারা তাদের বিমানবাহিনীর পতাকা থেকে স্বস্তিকা চিহ্ন সরিয়ে দেয়।
ফিনল্যান্ড ১৯১৮ সালে তাদের বিমানবাহিনীর প্রতীক হিসেবে স্বস্তিকা গ্রহণ করেছিল, যা জার্মানির নাৎসি পার্টি এটি প্রতীক হিসেবে গ্রহণ করারও বহু বছর আগে।
সূত্র: টেলিগ্রাফ (ইউকে)
এসএএইচ