চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (১৮ এপ্রিল) সকালে ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে ঘটে এই হৃদয়বিদারক দুটি ঘটনা। একদিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় রুফাইয়িত হোসেন (৪)। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।
স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে রুফাইয়িত। সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে করতে একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
Advertisement
এর কয়েক ঘণ্টা পর দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় আনোয়ার হোসেনের ৯ মাস বয়সী শিশু কন্যা আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ঘটনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হুসাইন মালিক/এমএন/এমএস
Advertisement