দেশজুড়ে

হাওরে শ্রমিক সংকট নিরসনে তিন শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তিনটি স্থল শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে যাদুকাটা নদীতে বালু পাথর উত্তোলনও বন্ধ রাখা হয়েছে।

Advertisement

শনিবার (১৮এপ্রিল) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু।

জানা গেছে, ইতিমধ্যে তাহিরপুর উপজেলায় বোরো ধান কাটার মৌসুম চলছে। ফলে অনেক হাওরে দেখা দিয়েছে শ্রমিক সংকট। তা নিরসনে শনিবার দুপুরে তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও উপজেলার তিনটি স্থল শুল্ক স্টেশন বড়ছড়া, চারাগাঁও এবং বাগলী দিয়ে কয়লা ও চুনাপাথর পরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দিনব্যাপী পুরো উপজেলায় মাইকিং করা হয়েছে।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী খসরুল আলম বলেন, হাওরের ধান কাটায় শ্রমিক সংকট দূর করতেই তিনটি স্থল শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ১০ হাজার শ্রমিক ধান কাটার কাজে যুক্ত হবেন।

Advertisement

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, হাওরে ধান কাটার শ্রমিক সংকট নিরসনে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বড়ছড়া, চারাগাঁও ও বাগলী স্থল শুল্ক স্টেশনে কয়লা ও চুনাপাথর পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি যাদুকাটা নদীতে বালু উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

লিপসন আহমেদ/এএইচ/এমএস