জাতীয়

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

শনিবার (১৮ এপ্রিল) রাতে ডিবি উত্তর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আতুরার ডিপো এলাকার কামারাবাদ মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৪)। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, তল্লাশির সময় এক যাত্রী অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন ডিবির সদস্যরা। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ জানায়, অস্ত্রটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, তিনি অস্ত্রটি সঙ্গে নিয়ে নগরের বিভিন্ন এলাকায় চলাফেরা করতেন। ভয়ভীতি প্রদর্শনসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে অস্ত্রটি ব্যবহার করা হতো বলেও পুলিশ দাবি করেছে।

পুলিশ জানায়, সাইফুল মূলত বায়েজিদ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ ও মুরাদপুরসহ নগরের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে আগে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে অস্ত্র, মাদক ও চুরির অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এমআরএএইচ/এএমএ