ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হবে আগামী ৪ মে। এর আগে গতকাল ও আজ অনুষ্ঠিত হয়েছে দলবদল। এবারের আসরের জন্য জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। আজ (রোববার) দুজনের দলবদলই সম্পন্ন করেছে ক্লাবটি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মালিক লুৎফর রহমান বাদল।
Advertisement
শুরুতেই বাদল জানান, লিটনের নাকি অভিযোগ ছিল তাকে দলে না নেওয়ার। তিনি বলেন, ‘লিটনের অভিযোগ ছিল আমি নাকি ওকে দলে নেই না, ওর সারাজীবনের অভিযোগ।’
প্রথমবার লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে খেলবেন লিটন। যদিও একই সময়ে জাতীয় দলের একাধিক খেলা থাকায় এবারের ডিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না তিনি। তবে যে কয় ম্যাচই খেলেন, চেষ্টা করবেন নিজের সর্বোচ্চ দেওয়ার।
লিটন বলেন, ‘সিনিয়র প্লেয়ার হিসেবে তো আমরা চেষ্টা করবই; কিন্তু একই সঙ্গে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি। এরপর ওখান থেকে এসে যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাব চেষ্টা করব ক্লাবকে কিভাবে সাহায্য করা যায়।’
Advertisement
মিরাজ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক আর লিটন টি-টোয়েন্টি দলের। যদিও লিজেন্ডস অফ রুপগঞ্জকে কে নেতৃত্ব দিবেন সেটা এখনও ঠিক নয়। দলটির মালিক বাদল বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয় নাই। দুইজনই অধিনায়ক, ওরা সিদ্ধান্ত নেবে কে হবে অধিনায়ক। ওরা না থাকলে আমরা হয়তোবা চিন্তা করছি এদের বাইরে যারা এভেইলেবল আছে, আমাদের জাতীয় দলের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদী আছে, শরিফুল আছে। অনেক এভেইলেবল যারা থাকবে তাদের মধ্যে থেকে একজন অধিনায়ক হবে ইনশাআল্লাহ।’
ঢাকা প্রিমিয়ার লিগে এখনো মিরাজের সঙ্গে কখনো একদলে খেলেননি লিটন। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘মিরাজের সাথে এর আগে কখনো খেলিনি (লিগে), অবশ্যই জাতীয় দলে তো খেলেছি। ঢাকা লিগে এই প্রথম খেলব। আমরা তো একসাথে অনেকদিন ধরে আছি এবং আমরা একসাথে টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি সবই খেলেছি। ক্লাব ক্রিকেটটা অবশ্যই একটা ভিন্ন টুর্নামেন্ট এবং এখানে সব ঘরোয়া ক্রিকেটের প্লেয়াররা একসাথে খেলবো।’
এসকেডি/আইএইচএস
Advertisement