জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন পুনর্বহালের আবেদন করা হয়েছে। ২০২৪ সালে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর প্রথমে তাকে জামিন দেওয়া হলেও কারাগার থেকে মুক্তি না পাওয়ায় এবং রাষ্ট্রপক্ষের আপত্তির পরিপ্রেক্ষিতে পরে সেই জামিন বাতিল করা হয়।
Advertisement
এবার তার শারীরিক অসুস্থতার বিষয় তুলে ধরে নতুন করে জামিন পুনর্বহালের আবেদন করেছেন তার আইনজীবী। এ বিষয়ে আদালত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে তার স্বাস্থ্যগত অবস্থা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে আসামির বিরুদ্ধে আনা অভিযোগসমূহের বিস্তারিত তথ্য দাখিল করতে বলা হয়েছে। চিকিৎসা-সংক্রান্ত বিষয় শুনানির জন্য মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মে।
রোববার (১৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হুমায়ুনের পক্ষে করা জামিন আবেদনের ওপর আদেশ দেন।
আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। তিনি বলেন, মামলাটিতে মক্কেলের উন্নত চিকিৎসা প্রয়োজন। মেডিকেল কর্তৃপক্ষ চাইলে এক সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় প্রতিবেদন দেওয়া সম্ভব, তবে এ বিষয়ে তারা সময়ক্ষেপণ করছে।
Advertisement
এ সময় চিফ প্রসিকিউটর আদালতকে বলেন, আগামী এক মাসের মধ্যে হুমায়ুনের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরও বলেন, হুমায়ুন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অবহেলা করা হয়নি।
আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন জাগো নিউজক বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত তার মক্কেল। চিকিৎসার জন্য তার জামিন হওয়া দরকার। আদালত শুনানি নিয়ে আসামির বিরুদ্ধে কী অভিযোগ প্রসিকিউশনের এ সংক্রান্ত নথি দাখিল করতে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেলের হেমাটোলজি বিভাগীয় প্রধানের প্রতিবেদন (স্বাস্থ্যগত তথ্য) দাখিল। এর পর আদেশে দেবেন আদালত।
মামলায় এদিন তদন্ত প্রতিবেদন দাখিল ও শুনানির জন্যে নির্ধারিত ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় পরবর্তী শুনানির জন্যে আগামী ২১ জুন দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে, ২ মার্চ হুমায়ুনের জামিন নামঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল-২। চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত। তবে অন্য মামলা থাকায় তার মুক্তি মেলেনি।
Advertisement
এ মামলায় গ্রেফতার অপর আসামিরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এফএইচ/এমএএইচ/