দেশজুড়ে

বিয়ের পর বাবার বাড়িতে ফিরে প্রেমিকের সঙ্গে বিষপান তরুণীর

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমঘটিত বিবাদের জেরে একসঙ্গে বিষপান করেছেন এক যুগল। এ ঘটনায় প্রেমিকা মিম আক্তার (১৯) মারা গেলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রেমিক পরশ প্রধান (২১)।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তারের মৃত্যু হয়। অন্যদিকে পরশ প্রধান রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মিম আক্তার (১৯) উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে ও আহত পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিম আক্তারের সঙ্গে প্রতিবেশী পরশ প্রধানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে মিমের বাবা তাকে অন্যত্র বিয়ে দেন। বিয়ের পরও পরশের সঙ্গে মিমের যোগাযোগ অব্যাহত ছিল। সম্প্রতি মিম বাবার বাড়িতে বেড়াতে এলে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে অভিমান তৈরি হয়।

Advertisement

এই অভিমানের জেরে গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মিম ও পরশ একযোগে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। মিমকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রোববার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে পরশ প্রধানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারী হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আনোয়ার আল শামীম/কেএইচকে/এমএস

Advertisement