খেলাধুলা

কোনো আয়োজন ছাড়াই ঐতিহাসিক সফরে হকির মেয়েরা, ফেডারেশনের ‘সরি’

ঐতিহাসিক সফরে হকির মেয়েরা এখন ইন্দোনেশিয়ায়। দেশটির রাজধানী জাকার্তায় বৃহস্পতিবার শুরু হবে এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্ব। বাংলাদেশ অংশ নেবে এই বাছাইয়ে। বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবার জাতীয় দল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে। এর আগে বয়সভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা খেলেছেন। তবে কখনো জাতীয় দল গঠন হয়নি।

Advertisement

অর্পিতা পাল-শারিকা সাফা রিমনদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশের নারী হকি। তবে মেয়েদের এই ঐতিহাসিক যাত্রাটি নীরবেই হয়েছে। গণমাধ্যমে একটা গ্রুপ ছবি সরবরাহ করেই দায়িত্ব সেরে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল কবীর মেয়েদের নিয়ে চলে গেছেন ইন্দোনেশিয়ায়।

হকির মেয়েদের দল প্রথমবার ২০১৯ সালে জুনিয়র এএইচএফ কাপে অংশ নিয়েছিল সিঙ্গাপুরে। অনূর্ধ্ব-২১ মেয়েদের দলটি টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে ব্যাপক আয়োজন ছিল বাংলাদেশ হকি ফেডারেশনের। মওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফের পাশে বিশাল সামিয়ানা টানিয়ে আয়োজন করা হয়েছিল জমজমাট সংবাদ সম্মেলন।

প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়া দলের সদস্যদের ছবি, ব্যানার দিয়ে সাজানো হয়েছিল সংবাদ সম্মেলন স্থান। খেলোয়াড়রা নিজেদের মতো করে প্রতিক্রিয়া দিয়েছিলেন গণমাধ্যমে। মেয়েরা তাতে অনুপ্রাণিত হয়েছিলেন। ওই সফরে বাংলাদেশ পাঁচ ম্যাচ খেলে ঐতিহাসিক জয় পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

Advertisement

সংগঠকদের ব্যর্থতায় এমনিতেই ডুবতে বসেছে দেশের হকি। ঘরোয়া খেলাধুলা ঢুকে গেছে ডিপফ্রিজে। আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও পারফরম্যান্স নিম্নমুখী। কিছুদিন আগে জাতীয় হকি দল থাইল্যান্ডে গিয়েছিল এশিয়ান গেমস বাছাই খেলতে। যে টুর্নামেন্টে বাংলাদেশ সব সময় দাপটের সাথে খেলে সেই টুর্নামেন্টে এবার কোনো মতো পঞ্চম হয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে, প্রথমবারের মতো ড্র করেছে উজবেকিস্তানের বিপক্ষে।

ছেলেরা যে টুর্নামেন্ট খেলে ঘাম ঝরিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছেন, সেই টুর্নামেন্টেই মেয়েরা গেছেন প্রথমবার খেলতে। ৮ দলের টুর্নামেন্ট থেকে শীর্ষ চার দল পাবে এশিয়ান গেমসের টিকিট। বাংলাদেশের মেয়েদের সামনেও আছে ভালো সুযোগ। অর্থের অভাব দেখিয়ে এই প্রতিযোগিতায় খেলতে যাওয়ার পরিকল্পনা বাদই দিয়েছিল ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ ৫০ লাখ টাকা অনুদান দিয়ে মেয়েদের ইন্দোনেশিয়া পাঠিয়ে ঐতিহাসিক টুর্নামেন্ট খেলানোর ব্যবস্থা করেছে।

দুই দিক থেকে হকির এই মেয়েদের জন্য রোববার দিনটি ছিল স্মরণীয়। একদিকে ঐতিহাসিক সফরের প্রস্তুতি, অন্য দিকে যাওয়ার আগেই তারা হাতে পেয়েছেন ক্রীড়াকার্ড, অ্যাকাউন্ডে ঢুকেছে সরকারের দেওয়া ক্রীড়াভাতার লাখ টাকা করে। তবে তাদের ওই যাত্রা আরো জমজমাট হতে পারতো যদি ফেডারেশন সাংগঠনিকভাবে আরো দক্ষতার পরিচয় দিতো।

এমন একটি সফর নীরবে কেন হলো? প্রশ্ন করা হলে জাকার্তা থেকে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ‘নীরবে না। আসলে নানা চাপের মধ্যে ছিলাম। মেয়েরা অনুশীলন করেছে বিকেএসপিতে। ক্রীড়াকার্ড ও ক্রীড়াভাতার জন্যই ৩-৪ দিন ব্যস্ত থাকতে হয়েছে। তাই সময় চলে গেছে। এত চাপের মধ্যে ছিলাম যে, যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে কিছুই করতে পারিনি। করতে পারলে ভালো হতো। আসলে এটা মিস হয়ে গেছে। এখন সরি বলা ছাড়া আর কিছুই করার নেই।’

Advertisement

এশিয়ান গেমস নারী হকির বাছাইয়ে অংশ নেবে ৮ দেশ। বাংলাদেশ 'এ' গ্রুপে খেলবে হংকং, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের বিপক্ষে। 'বি' গ্রুপের চার দেশ হচ্ছে-ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।

শীর্ষ চারটি দেশ পাবে এশিয়ান গেমসের টিকিট। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ পরের দিন উজবেকিস্তানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ এপ্রিল হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে খেলতে হবে স্থান নির্ধারণী ম্যাচ। সেমিফাইনালে উঠলে পাবে এশিয়ান গেমসের টিকিট।

নারী হকির প্রথম জাতীয় দলে যারা আছেন অর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।

আরআই/এমএমআর