দীর্ঘদিন পর্দায় উপস্থিতি কমলেও নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার জানালেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার আগ্রহের কথা।
Advertisement
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে অপু বলেন, একজন শিল্পীর জীবনে পরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচালকই একজন অভিনেতাকে নির্বাচন করেন এবং সেই সিদ্ধান্তই তার ক্যারিয়ারের গতিপথ নির্ধারণ করে।
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের চলচ্চিত্রে ইতোমধ্যেই অনেক গুণী নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তাদের সঙ্গে কাজ করে তার বহু স্বপ্ন পূরণ হয়েছে।
তবে এখন নতুন করে কলকাতার চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী এই অভিনেত্রী। বিশেষ করে সৃজিত মুখার্জির নির্মাণশৈলী তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
Advertisement
অপু বিশ্বাস বলেন, ‘সুযোগ, সময় এবং গল্পের প্রয়োজন হলে যদি কখনও সৃজিত মুখার্জি আমাকে ভাবেন বা প্রস্তাব দেন, তাহলে অবশ্যই সেই সুযোগ গ্রহণ করতে চাই।’
এদিকে বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ‘দুর্বার’ সিনেমার প্রায় ৬০ শতাংশ এবং ‘সিক্রেট’ সিনেমার ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।
এলআইএ
Advertisement