আইন-আদালত

হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার রিমান্ডে

জুলাই আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে চারদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া এবং কেয়ারটেকার মো. মহিদুল ইসলাম। এর আগে মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলামবাগ এলাকা থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না বলে আদালতকে জানানো হয়। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলনের সময় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

এমডিএএ/ইএ

Advertisement