দেশজুড়ে

ব্যবসায়ীর বাড়িতে পাওয়া গেলো ৩৭ হাজার লিটার ভোজ্যতেল

মাদারীপুরে অবৈধভাবে মজুত করে ভোজ্যতেলের কৃত্রিম সংকট করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধোঁয়াশার বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট করছে- এমন খবরে র‌্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ডাসার উপজেলার ধোঁয়াশার বাজারের বাচ্চু সরদারের বসতঘর থেকে ৩৭ হাজার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবারের মধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার মুচলেকা নেওয়া হয়েছে।

Advertisement

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল বলেন, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস