প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরে উন্নয়ন প্রকল্পের ডামাডোলের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। সোমবার (২০ এপ্রিল) দিনভর গাবতলী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পাশে তার সরব উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আবেগের সৃষ্টি করেছে।
Advertisement
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জাতীয় টিকাদান ক্যাম্পেইনের প্রতিটি মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশেই দেখা গেছে জোবাইদা রহমানকে। শুধু উপস্থিত থাকাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় এবং সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিয়ে নজর কেড়েছেন তিনি।
স্থানীয়দের অনেকে বলছেন, নিজের শ্বশুরবাড়ির এলাকায় এমন প্রকাশ্য কর্মসূচিতে জোবাইদা রহমানকে দেখা যাওয়া অনেকের কাছেই আবেগের বিষয় হয়ে দাঁড়ায়। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের ‘বউমা’কে এমন বর্ণাঢ্য সাজে চোখের সামনে দেখে গাবতলীজুড়ে এখন বইছে আনন্দের বন্যা।
সফরের একটি বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের সময় ডা. জোবাইদা রহমানকে স্বামীর পাশে দাঁড়িয়ে ঠোঁট মেলাতে এবং হাততালি দিয়ে তাল মেলাতে দেখা যায়। এই সাবলীল ভঙ্গিটি সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।
Advertisement
দিনভর একের পর এক কর্মসূচির ভিড়ে এই উপস্থিতি আলাদা করে নজরে এলেও প্রশাসনিক মহল বলছে, সফরের মূল লক্ষ্য ছিল উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির উদ্বোধন। তবে জনসমাগম ও পারিবারিক উপস্থিতির এই মিশ্র দৃশ্য স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। বগুড়াবাসী মন ভরে দেখেছেন তাদের পুত্রবধূকে।
এল.বি/কেএইচকে/এমএস